আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ আলীর উদ্যোগে এ জার্সি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমী সমর্থকদের মাঝে এসব জার্সি বিতরণ করা হয়। এ সময় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
জার্সি বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ আলী বলেন, ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী একটি বড় আয়োজন। খেলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। বিশ্বকাপকে ঘিরে এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ আরও বাড়িয়ে দিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মাঝে জার্সি বিতরণ করেছি। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, খেলাকে খেলাই হিসেবে উপভোগ করতে হবে। দলভেদে সমর্থন থাকলেও আমাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। বিশ্বকাপ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে, যা সবাইকে আনন্দ দিচ্ছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ফুটবলপ্রেমীরা বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে এমন আয়োজন খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়াবে এবং এলাকার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে।