কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ নিশ্চিতসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।
রোববার, ১৭ মে সকাল ১টায় জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির। কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের জেলা সংগঠক এস এম কাদির ও সাইফুল ইসলাম শরীফ।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও জাতীয় বাজেটে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য খাতে বরাদ্দ মাত্র ৫ শতাংশ, কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ ৩.২১ শতাংশ। অথচ মোট শ্রমশক্তির প্রায় ৪ শতাংশ কৃষির সঙ্গে যুক্ত। কৃষকের শ্রমের ওপর খাদ্য নিরাপত্তা নির্ভর করলেও তারা দীর্ঘদিন ধরে অবহেলা ও সংকটে রয়েছে।
তারা জানান, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, ভেজাল সার-বীজ-কীটনাশক, সরকারি ক্রয়কেন্দ্র ও হিমাগারের অভাব, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট, ঋণচাপ ও ভূমিহীনতা কৃষক ও খেতমজুরদের জীবন দুর্বিষহ করেছে।
আসন্ন ২০২৬-২৭ জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ নিশ্চিতসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সুদমুক্ত ঋণ ও ঋণ মওকুফ, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন, ন্যায্যমূল্যে কৃষিপণ্য ক্রয়, হিমাগার ও সংরক্ষণাগার নির্মাণ, খেতমজুরদের কর্মসংস্থান ও রেশন ব্যবস্থা, ভূমিহীনদের খাসজমি প্রদান।
নেতৃবৃন্দ কৃষি ও কৃষকের স্বার্থে কার্যকর রাষ্ট্রীয় নীতি ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিতের আহ্বান জানান।