ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র রমজান উপলক্ষে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতারে অংশ নেওয়া এতিম শিশুদের মাঝে জায়নামাজ, টুপি, আতর বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, রমজানের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দিতে এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি; জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবির। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার মাস। এই পবিত্র সময়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তিনি সবাইকে মানবিক দায়িত্ববোধ থেকে সারা বছর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) শামসুল হক, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এম সায়েম টিপু, বাংলাদেশ স্কাউটস রেল, নৌ ও এয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক মুহাম্মদ আবু সালেক, সাবেক অতিরিক্ত সচিব হাকিম মজুমদার, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এবং বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক মো. রুহুল আমিন,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারবীন, প্রমুখ।