1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধ, জয়-পলকের বিচার শুরু

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে উসকানি ও সহায়তার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন শুনানির শুরুতে দুই আসামির অব্যাহতি চেয়ে করা আইনজীবীদের আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। পরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ পাঠ করেন। অভিযোগ পাঠ শেষে জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়। এর মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। একইসঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মামলার দুই আসামির মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। বুধবার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অপর আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই করছেন।

এর আগে গত ১৫ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। ওইদিন পলকের পক্ষে আইনজীবী লিটন আহমেদ এবং জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম শুনানিতে অংশ নেন। শুনানিতে তারা প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের বিরোধিতা করেন এবং দাবি করেন—জয় ও পলকের সঙ্গে ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। এ কারণে মামলাটি থেকে তাদের অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। তবে প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে।

গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি তিনটি অভিযোগ পড়ে শোনান এবং আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেন জুনায়েদ আহমেদ পলক। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। অভিযোগে আরও বলা হয়, ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেওয়া হয় এবং এতে সহায়তা করেন দুই আসামি। এসব হামলায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ অন্তত ২৮ জন নিহত হন।

এ ছাড়া উত্তরায় সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১০ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই দিনে গ্রেপ্তার থাকা পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আমলে নেন আদালত।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost