
রূপগঞ্জে আলোচিত ব্লগার জিসানের মোটরসাইকেল ছিনতাইয়ের রহস্য উন্মোচন: আটক ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় ইমতিয়াজ লিমন ওরফে রিমন (২০) নামে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ থানা পুলিশের একটি টিম গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গত ১১ সেপ্টেম্বর রাতে ইউটিউবার ও ব্লগার জিসান (১৮) এবং তার বন্ধু ফয়সাল (২২) ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলযোগে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বেড়াতে যান। সেখান থেকে রাত ২টার দিকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলে কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে।
তিনজন ছিনতাইকারী জিসানের মোটরসাইকেল থামিয়ে ধারালো দা দিয়ে হামলা চালায়। এতে জিসান হাতের আঙুলে গুরুতর জখম হন। পরে তারা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
গ্রেপ্তার লিমনকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা মূলত মহাসড়কে ছিনতাই করাকে পেশা হিসেবে নিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক ও পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তারা দীর্ঘদিন ধরে দামী মোটরসাইকেল আরোহীদের টার্গেট করতো। বিশেষ করে নারীসহ বাইকার কিংবা একা যাত্রীদের থামিয়ে অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেল ছিনতাই করাই তাদের মূল কৌশল।
পুলিশ জানিয়েছে, এই চক্রের আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply