খালেদা জিয়ার কারামুক্তি দিবসে মাসুদুজ্জামানের পক্ষে শত মসজিদে দোয়া
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর ও বন্দরের শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীপাড়া বড় জামে মসজিদ থেকে এ কর্মসূচির সূচনা হয়। পরে সদর উপজেলার গলাচিপা বড় জামে মসজিদসহ নারায়ণগঞ্জ-৫ আসনের ১০০টি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু দোয়া মাহফিলে বলেন, “আমাদের নেত্রী খালেদা জিয়া ছিলেন বলিষ্ঠ কণ্ঠ, আপসহীন, সাহসী ও জনগণের অধিকার আদায়ে অবিচল। অসুস্থ থাকলেও তিনি দেশের মানুষকে ভুলে যাননি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, যেন তিনি সুস্থ হয়ে আবার দেশের মানুষের সেবা করতে পারেন।”
এসময় তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের প্রশংসা করে বলেন, “মাসুদ ভাই দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক ও মানবিক কাজ করে যাচ্ছেন। মসজিদ-মন্দির সংস্কার, রাস্তাঘাট নির্মাণ, মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সহযোগিতা, অসচ্ছলদের সহায়তাসহ তিনি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল হোসেন বাবুল, সদস্য শহিদুল ইসলাম রিপন, সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, বিএনপি নেতা বাদল ঢালী, যুবদল নেতা ইসলেউদ্দিন ইসা প্রমুখ।
সদরের গলাচিপা বড় জামে মসজিদের মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, বিএনপি নেতা সরকার আলম, থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মাদবর, সদস্য আব্দুল মমিন, মসজিদ কমিটির সদস্য পমেল ও কামরুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি।