
মেঘনা-ধনাগোদায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে – মানসুর আহমদ সাকী
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী এক বিবৃতিতে বলেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, মতলবে মেঘনা-ধনাগোদায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ভাঙন তীব্রতর হচ্ছে, বেড়িবাঁধ ঝুঁকিতে পরছে এবং কৃষিজমি, বসতভিটা ও জনপদ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
অবৈধ বালু উত্তোলন কেবল পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নয়, বরং স্থানীয় জনজীবনকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিচ্ছে। এ ধরনের অনিয়ন্ত্রিত কার্যকলাপ নদী ও প্রকৃতির ভারসাম্য নষ্ট করে, যার প্রভাব আগামী প্রজন্মকে বহন করতে হবে।
তিনি আরো বলেন, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। পরিবেশ ও নদী রক্ষার স্বার্থে মতলবের সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Leave a Reply