
সড়কে দুর্ঘটনা রোধে এই ব্যতিক্রমী উদ্যোগ জেলা প্রশাসকের স্বপ্ন ছিল যা আজ বাস্তবায়িত হলো
গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় গ্রিন আমব্রেলা উদ্যোগে মালিক ও ড্রাইভারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ জেলা পরিষদ অডিটরিয়ামে “পেশাদার গাড়ি চালকদের প্রশিক্ষণ, বিশেষ ইউনিফর্ম, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান কর্মসূচি” অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
কর্মসূচির আওতায় গাড়ি চালক ও হেলপারদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরি, পেশাদারিত্ব বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান, নির্দিষ্ট ইউনিফর্ম সরবরাহ, নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ০৫ টি কোম্পানির ২১৬ জন ড্রাইভার ও ৭৬ জন হেলপার এর ডাটাবেইজ তৈরি করা হয়েছে ।
এই উদ্যোগের মূল লক্ষ্য সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস, পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং মালিক-চালক-হেলপারদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন। কর্মসূচির প্রথম দিনে মোট ৫৪ জন চালক দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। পর্যায়ক্রমে জেলার সকল বাস কোম্পানির সব চালক ও হেলপারদের এ কর্মসূচির আওতায় আনা হবে। পাশাপাশি যাত্রীদেরকেও সচেতনতামূলক প্রশিক্ষণের মাধ্যমে সড়ক ব্যবস্থাপনায় যুক্ত করা হবে।
অনুষ্ঠানে মিনি বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী বলেন, গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় ড্রাইভারদের ইউনিফর্ম প্রদান একটি সম্পূর্ণ নতুন ও ঐতিহাসিক উদ্যোগ যা ডিসি মহোদয়ের মাধ্যমে বাংলাদেশে প্রথম নারায়ণগঞ্জে বাস্তবায়িত হচ্ছে ।
বিশেষ অতিথি সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান মহোদয় বলেন,সড়ক দুর্ঘটনা হ্রাসের এই যুগান্তকারী পদক্ষেপ জেলা প্রশাসক তাঁর নিয়মিত কাজের ও গণ্ডির বাইরে যেয়ে শুধুমাত্র জনগণের কল্যাণে বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানের সভাপতি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন বলেন, এই কর্মপরিকল্পনার মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি ড্রাইভারদের কাজের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধি পাবে ।সড়কে দুর্ঘটনা রোধের এই ব্যতিক্রমী উদ্যোগ জেলা প্রশাসক মহোদয়ের স্বপ্ন ছিল যা আজ তাঁরই হাত ধরে নারায়ণগঞ্জে বাস্তবায়িত হতে যাচ্ছে ।
প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের সড়ক পরিবহন খাতকে একটি সুসজ্জিত, শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক সাংগঠনিক প্রক্রিয়ায় রূপান্তরিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করবে।
Leave a Reply