
রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত কুরআন বিতরণ অনুষ্ঠানে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের লড়াই শুধু হাসিনার বিরুদ্ধে নয়, বরং যাদের মধ্যে ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে, আমরা তাদের বিরুদ্ধেই লড়াই করব।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত কুরআন বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদই শতভাগ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বরং একসময় এসব মতবাদ নিজের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। একমাত্র কুরআনের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, ১৯৮২ সালে মতিহার চত্বরে যারা আমাদের হত্যা করে ভেবেছিল ছাত্রশিবির নিঃশেষ হয়ে যাবে। ইসলামের পক্ষে কথা বলার কেউ থাকবে না। কিন্তু ২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এমন ধারণা ভুল প্রমাণ করেছে ছাত্র-জনতা।
শিবিরের শীর্ষ এই নেতা বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করতে চান, বীর শহিদদের রক্তের ঋণ শোধ করতে চান, তাহলে কেবল কুরআনের আদর্শ ধারণ করেই দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই শহিদ আলী রায়হান, আবু সাঈদ শান্ত ও মুগ্ধদের আত্মা শান্তি পাবে।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে ২৫০ জনের মাঝে কুরআন বিতরণ করা হয়।
Leave a Reply